ভূঞাপুরে স্কুলছাত্রের মাথা ফাটলেও উদাসীন শিক্ষকরা; স্কুল চত্বরে কৃষি খামার ও রাইস কুকারে ব্যস্ততা
ঘটনার দিন (০৪ মে ২০২৬) ক্লাসে বেঞ্চে বসে থাকা অবস্থায় সহপাঠীদের হুড়োহুড়িতে শুভ বেঞ্চের নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তার মাথা ফেটে রক্তপাত শুরু হলে সহপাঠীরা দ্রুত শিক্ষিকাদের বিষয়টি জানালেও তারা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেননি। পরে প্রধান শিক্ষক এসে তাকে টিউবওয়েলের নিচে নিয়ে মাথায় পানি ঢেলে প্রাথমিকভাবে টিস্যু ও স্যাভলন দিয়ে চিকিৎসা করে বাড়িতে পাঠিয়ে দেন।
বাড়িতে নেওয়ার পরও রক্তপাত বন্ধ না হওয়ায় শুভকে দ্রুত গোবিন্দাসী বাজারে নিয়ে গিয়ে তার মাথায় সেলাই দেওয়া হয়। শুভর পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ তার কোনো খোঁজখবর নেয়নি। এ বিষয়ে পরিবারের একজন সদস্য Bnc News কে জানান, “শিশুটির অবস্থা খারাপ থাকা সত্ত্বেও স্কুল থেকে যথাযথ দায়িত্ব নেওয়া হয়নি।”
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, বিদ্যালয়ের প্রধান ফটক ও সীমানা প্রাচীরের ভেতর-বাইরে শিক্ষকরা লাউ-কুমড়াসহ বিভিন্ন সবজির গাছ লাগিয়ে মাচা তৈরি করেছেন। এতে শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে। স্থানীয়দের প্রশ্ন, একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে ব্যক্তিগত কৃষি কাজে ব্যবহৃত হয়।
এছাড়া অভিযোগ রয়েছে, নারী শিক্ষিকারা নিয়মিত নিজেদের সন্তানদের স্কুলে নিয়ে এসে তাদের প্রতিই বেশি মনোযোগ দেন। এমনকি স্কুলের ভেতরে রাইস কুকারসহ রান্নার সরঞ্জাম ব্যবহার করে সময় কাটানোর ঘটনাও সামনে এসেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, শুভর দুর্ঘটনার সময় শিক্ষিকাদের অবহেলা এ বিষয়টিকেই আরও স্পষ্ট করেছে।
বিদ্যালয়ের দপ্তরি মোঃ খোকনের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে যে, তিনি ছুটির দিনে বহিরাগতদের নিয়ে স্কুল ভবনের দ্বিতীয় তলায় আড্ডা দেন। এতে বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ ঘটনায় এলাকাবাসী বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা ভূঞাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেনের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন